Sep 22, 2025
নারী বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে ফটোসেশনে বাংলাদেশ দল

নারী বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে ফটোসেশনে বাংলাদেশ দল

নারী বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর কয়েক দিন বাকি। তার আগে আজ মিরপুরের হোম অব ক্রিকেটে ফটোসেশনে অংশ নিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দলীয় ছবি তুলেই নিজেদের আত্মবিশ্বাসী উপস্থিতি জানান দিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে টাইগ্রেসরা।

মূল টুর্নামেন্টের আগে প্রস্তুতি যাচাইয়ে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৫ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে দলটি। এরপর ২৭ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচ খেলবে জ্যোতিরা। এই দুই ম্যাচ বিশ্বকাপের আগে দলের শক্তি–দুর্বলতা যাচাইয়ের বড় সুযোগ হয়ে উঠবে।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ২ অক্টোবর, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সে আস্থা রেখেই মাঠে নামবে লাল–সবুজের মেয়েরা।

দলে রয়েছেন অভিজ্ঞ নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি। অন্যদিকে রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা কিংবা নিশিতা আক্তারের মতো তরুণরা যোগ করবেন বাড়তি প্রাণশক্তি। বিশেষ করে বোলিং আক্রমণে নাহিদা ও মারুফার অভিজ্ঞতার সঙ্গে নতুন মুখরা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন।

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

All Categories