নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৪ অক্টোবর) ভোরে নয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে বিশেষ টহলদল মোতায়েন করা হয়েছিল। ভোর সাড়ে ৪টার দিকে থার্মাল ইমেজারে কয়েকজনের গতিবিধি শনাক্ত হলে সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা মিয়ানমারের দিকে পালিয়ে গিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ ফেলে যায়।
পরে ব্যাগগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়ায় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।