নাহিদা আক্তার বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নাহিদা আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নিগার সুলতানার স্থলাভিষিক্ত হয়েছেন। নাহিদার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারি।

এশিয়ান গেমসের পর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নিগার সুলতানা, যাতে তিনি নিজের খেলায় আরও মনোযোগ দিতে পারেন। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, নিগারের উত্তরসূরি হওয়ার দৌড়ে নাহিদা এগিয়ে রয়েছেন।

বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম ক্রিকবাজকে জানিয়েছেন, ‘নির্বাচক প্যানেলের সদস্যদের সঙ্গে আলোচনা করে আমরা নাহিদাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবে।’

বিসিবি মনে করছে, নাহিদাকে দায়িত্ব দেওয়ার জন্য এটি সঠিক সময়। ২০২২ সালে নিগার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর থেকে নাহিদা সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন।

রফিকুল বলেন, ‘নাহিদা দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। এখন আমরা মনে করছি, টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার সঠিক সময় এসেছে।’

নিগার টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডেতে অধিনায়ক হিসেবে থাকবেন। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তার নেতৃত্বে বাংলাদেশ খেলেছে।

বাংলাদেশ নারী দলের পরবর্তী সূচি আইসিসি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফি। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দলটির অভিযান শুরু হবে।

All Categories