‘নাগরিক সেবা’ চালু হচ্ছে, এক ঠিকানায় মিলবে সব সেবা

দেশের প্রতিটি শহর, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ের মানুষ যেন এক জায়গা থেকেই সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা পেতে পারেন এই লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে নতুন একটি প্ল্যাটফর্ম, ‘নাগরিক সেবা বাংলাদেশ’। সংক্ষেপে এর নাম ‘নাগরিক সেবা’।

এক ঠিকানায় সকল সেবা’ এই স্লোগান নিয়ে চালু হওয়া এই সেবা আউটলেটের মাধ্যমে নাগরিকরা জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, সরকারি ফর্ম পূরণ, ইউটিলিটি বিল পরিশোধসহ গুরুত্বপূর্ণ বহু সেবা এক জায়গা থেকে গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি লেখেন, ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে চালু হচ্ছে নাগরিক সেবা বাংলাদেশ। দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম ও প্রতিটি ওয়ার্ডেই থাকবে এই সেবা আউটলেট।

আগামীকাল ১ মে থেকে সেবা আউটলেট পরিচালনার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। এ ক্ষেত্রে আগ্রহীরা ‘নাগরিক সেবা’ প্ল্যাটফর্মে যুক্ত হয়ে স্থানীয় পর্যায়ে সেবাদাতা হিসেবে কাজ করতে পারবেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্ল্যাটফর্ম চালু হলে নাগরিকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরে ভোগান্তি পোহানোর প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।

 

All Categories