মুক্তির আগেই স্বত্ব বিক্রিতে ৬৬৫ কোটি রুপি, বিদেশি পরিবেশনায় রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
বড় পর্দায় আসার আগেই বাজিমাত করেছে শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’। বিভিন্ন স্বত্ব বিক্রি থেকে ছবিটির সম্ভাব্য আয় এরই মধ্যে ৬৬৫ কোটি রুপিতে পৌঁছেছে বলে জানা গেছে।
এর মধ্যে সবচেয়ে বড় চমক আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব। ভারতের বাইরে ছবিটি পরিবেশনের দায়িত্ব পাওয়া ফার্স ফিল্মস ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টিতে স্বত্ব কিনেছে। এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের চুক্তি ১০০ কোটি রুপিও ছাড়ায়নি বলে জানা যায়। ফলে এটিকে রেকর্ড চুক্তি হিসেবে দেখা হচ্ছে।
দেশের বাজারেও বড় অঙ্কের চুক্তি হয়েছে। ভারতের প্রেক্ষাগৃহে ছবিটি পরিবেশনের স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর। ওটিটি স্বত্ব নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে ১৫০ কোটি রুপিতে। পাশাপাশি স্যাটেলাইট স্বত্ব থেকে ২৫ কোটি এবং গানের স্বত্ব থেকে ৬৫ কোটি রুপি এসেছে।
তবে নেটফ্লিক্সের চুক্তির অঙ্ক চূড়ান্ত নয়। প্রেক্ষাগৃহে ছবিটি কেমন ব্যবসা করে, তার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের দাম কমতে বা বাড়তে পারে।
ছবিটির নির্মাণব্যয়ও শুরুর পরিকল্পনার তুলনায় অনেক বেড়েছে। প্রথমে বাজেট ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি রুপি, পরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটিতে। শাহরুখের পারিশ্রমিক যোগ করলে মোট খরচ প্রায় ৫০০ কোটি রুপিতে পৌঁছাতে পারে। তাই লগ্নি তুলে আনতে বক্স অফিসে ভালো ফল জরুরি হয়ে উঠেছে।
‘পাঠান’-এর সাফল্যের পর আবারও পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বেঁধেছেন শাহরুখ। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও ববি দেওলসহ অনেকে।
আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর।