ডাকসুর মুসাদ্দিকের বাড়িতে হামলার ঘটনায় ১৭ জনের নাম প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তার পৈতৃক গোপালগঞ্জের বাড়িতে হামলার ঘটনায় ১৭ জনের নাম প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, ওই ঘটনার সঙ্গে আরও তিন থেকে চার শতাধিক ব্যক্তি জড়িত ছিলেন।

রবিবার (২২ নভেম্বর) ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে মুসাদ্দিক এসব তথ্য জানান। তিনি দাবি করেন, কয়েক সপ্তাহ ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে তার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের হুমকি দেয়া হচ্ছিল। অনলাইতেও তার পরিবারের নিরাপত্তা নষ্ট করার জন্য বাড়ির ঠিকানা প্রকাশ করে হত্যার ভয় দেখানো হয়েছিল।

মুসাদ্দিক জানান, ১৮ নভেম্বর ফজরের সময় তার বাড়ি নয়, পাশের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় যা তার ফুফুর বাড়ি। ওই ঘটনার পর সংশ্লিষ্টদের উল্লাস প্রকাশের তথ্যও তিনি পেয়েছেন। পরদিন ১৯ নভেম্বর দুপুরে শতাধিক নেতাকর্মী তার গ্রামের বাড়িতে হামলা চালিয়ে তিন থেকে চারটি ঘর ভাঙচুর করে। পাশের কয়েকটি বাড়িতেও হামলা চালানো হয় বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, এই হামলার নির্দেশনা দিয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান। হামলায় সংশ্লিষ্ট রয়েছে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভাও।

হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে মুসাদ্দিক পাঁচজনের নাম উল্লেখ করেন, যারা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছেন। এছাড়া আরও কয়েকজনের নাম প্রকাশ করেন যারা হামলায় জড়িত ছিলেন।

হামলার সময় এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উপস্থিত থাকলেও কার্যকর পদক্ষেপ হয়নি বলে অভিযোগ করেন মুসাদ্দিক। তিনি জানান, স্থানীয় থানা পুড়িয়ে দেওয়ার ফলে পুলিশের কার্যক্রম বন্ধ রয়েছে, তাই এখনও আইনি ব্যবস্থা নিতে পারেননি।

সরকারের প্রতি তার আস্থা নেই জানিয়ে মুসাদ্দিক বলেন, আগের হামলার সময় পুলিশের উপস্থিতিতে ক্যামেরার সামনে হামলা হলেও মামলা নেওয়া হয়নি। ফলে এই হামলার বিচারের জন্যও সরকারের প্রতি তার আস্থা নেই।

All Categories