মুহাম্মদ জিশান আলি পাকিস্তানের প্রথম নভোচারী হিসেবে মহাকাশে
মুহাম্মদ জিশান আলি পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশ কক্ষপথে পৌঁছেছেন। তিনি তিয়াং গং মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম বিদেশি নভোচারী হিসেবেও পরিচিত।
বুধবার চীনের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ হওয়া শেনঝৌ-২৪ মহাকাশযান প্রায় ছয় ঘণ্টা পর তিয়াং গং মহাকাশ স্টেশনে পৌঁছায়। এই যানে দুই চীনা ও একজন পাকিস্তানি নভোচারী ছিলেন।
আল জিশান আলি তার মহাকাশ অভিযানে পাঁচ থেকে দশ দিন অবস্থান করবেন, যা চীনা নভোচারীদের স্বাভাবিক ছয় মাসের থেকে অনেক কম সময়। মঙ্গলবার তিনি বলেন, "আমি নিজের জন্য নয়, পাকিস্তানের নাম বিশ্বমঞ্চে তুলে ধরতে মহাকাশে যাচ্ছি।"
যদিও এই অভিযানের অধিকাংশ প্রযুক্তিগত সুবিধা চীনের, আলি সেখানে কয়েক মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছেন এবং চীনা ভাষাও শিখেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স প্ল্যাটফর্মে বলেন, "এটি শুধু একজন ব্যক্তির নয়, ২৪ কোটি পাকিস্তানির অর্জন। এটি আমাদের দেশ ও যুবসমাজের জন্য গর্বের বিষয়।"
তিনি আরও বলেন, "পাকিস্তান ও চীনের বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত এটি। আমরা চীনকে ধন্যবাদ জানাই আমাদের এই যাত্রার অংশ হওয়ার জন্য।" চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই যৌথ মিশনকে দুই দেশের বন্ধুত্বের জীবন্ত প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
চীন মহাকাশ প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি করছে এবং ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে মিলে ২০৩৫ সালের মধ্যে চাঁদে একটি গবেষণা ঘাঁটি স্থাপন করতে চায়। যুক্তরাষ্ট্রও ২০২৮ সালে চাঁদে ফের নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
বেইজিং ও ওয়াশিংটন উভয়ই মহাকাশ কার্যক্রমকে শান্তিপূর্ণ দাবি করলেও যুক্তরাষ্ট্র চীনের চাঁদের সম্পদে আধিপত্য বিস্তারের সম্ভাবনা নিয়ে সতর্কতা জ্ঞাপন করেছে, যা বেইজিং প্রত্যাখ্যান করেছে।