সাত জেলায় নতুন পুলিশ সুপারসহ সাত কর্মকর্তার বদলি

সরকার সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে। ওই জেলার নামগুলো হলো সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ। একই সঙ্গে সাত পুলিশ কর্মকর্তা বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি হওয়া এ নির্দেশনা তৎক্ষণাত কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের পুলিশ সুপার হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদ হারুন অর রশিদ। নড়াইলের দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ।

খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খীন মুহাম্মদ আবু নাসের। ফেনীর পুলিশ সুপার পদে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। গাইবান্ধার নতুন পুলিশ সুপার হলেন ঢাকার এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। নওগাঁর পুলিশ সুপার পদে নিয়োগ পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

বিদায়ী পুলিশ সুপার এবং অন্যান্য বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সুনামগঞ্জের আবু বাসর মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পিবিআইতে বদলি হয়েছেন।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে এবং ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িস্থ ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া কেএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

All Categories