স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী সংগঠনের পর্যায়ে নামিয়েছে নিজেদের কার্যক্রম। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে দলটির পতন ও পলায়নের পর আওয়ামী লীগের কোনও রাজনৈতিক স্বীকৃতি নেই এবং দেশের জনগণও তা কখনো দেবে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, ইতিহাসে দেখা গেছে, জার্মানির নাৎসি বাহিনীর মতো কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া সংগঠন পুনরায় রাজনীতিতে ফিরে আসতে পারেনি। এ কারণে আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারবে না।
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি কীভাবে ফিরবেন তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে তিনি শুধুমাত্র প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে আসতে পারবেন। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠি প্রেরণ করেছে এবং তারা বিষয়টি আইনগতভাবে যাচাই করে ব্যবস্থা নেবে।
মন্ত্রী আরও বলেন, ‘‘আসিব আসিব বলিয়া’’ কতদিন ভ্রান্ত আশা দেখানো হবে—নভেম্বর, ডিসেম্বর কিংবা ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে, এতে সরকারের কোনো উদ্বেগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।
সালাহউদ্দিন আহমদ জানান, পলাতক নেতারা সীমান্তের ওপারে অবস্থান করে দেশে থাকা নেতাকর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালসহ নাশকতামূলক কাজের নির্দেশ দিচ্ছে। তারা দেশীয় নেতাকর্মীদের ফাঁদে ফেলে বিপদে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, জনগণ কখনও তাদের অপতৎপরতা মেনে নেবে না। মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রাণ ও সম্পদহানি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী তাদের অপচেষ্টা ভণ্ডুল করেছে এবং ভবিষ্যতে উগ্র কার্যকলাপ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনের বিষয়ে মন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে যেখানে অস্থিরতার আশঙ্কা দেখা দেয়, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রম। মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় নিরাপত্তার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে মন্ত্রী বলেন, এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন-২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদের আওতায় দল ও সংগঠনকেও বিচার করা হয়। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সময় প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও তার অঙ্গসংগঠনের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত রেখেছে।
গোপালগঞ্জে পুলিশের কিছু কর্মকর্তার নাশকতায় জড়িত থাকার বিষয়ে মন্ত্রী জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলার ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি মুকসুদপুর উপজেলার একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও নজরদারিতে রাখা হয়েছে।
গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে যা শ্রমিক ও মালিক পক্ষকে সন্তুষ্ট করেছে। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে যারা, তারা প্রকৃত শ্রমিক নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এবং পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করছে।
ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও জোটগত আলোচনা করার পরিকল্পনা রয়েছে।