আশ্রয় দিলে রক্ষাকারীরও বিচার হবে: আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের আসামিদের আশ্রয়-প্রশ্রয় দেয়া ব্যক্তিদের বা প্রতিষ্ঠানকে দণ্ডবিধি অনুসারে আলাদাভাবে বিচার করা হতে পারে। তিনি বলেন, এ ধরনের আশ্রয় প্রদান একটি স্বতন্ত্র অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য দণ্ডবিধিতে স্পষ্ট বিধান রয়েছে।

বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘অপরাধীদের আশ্রয় দেয়ার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে আলাদা বিচার প্রক্রিয়া চালানো সম্ভব হবে।’’

২০২৪ সালের ৫ আগস্টের পর শেখ হাসিনা ও অন্যান্য রাজনৈতিক নেতাদের দেশের বাইরে পালানোর বিষয়টি তদন্তের অধীনে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘‘আমরা অপরাধের বিচার করতে সক্ষম হবো, তবে পালানোর প্রক্রিয়া আইনগতভাবে কতটুকু অন্তর্ভুক্ত তা পরীক্ষা করা হবে।’’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়কালে সংঘটিত গুম, হত্যা, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশব্যাপী গণশুনানি আয়োজনের পরিকল্পনা করেছে। এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে চিঠি প্রেরণ করা হয়েছে।

এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয় প্রেস ক্লাব ও জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধিদেরও চিঠি পাঠানো হয়েছে। গণশুনানিতে জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে রাজনৈতিক দল, ক্ষতিগ্রস্ত পরিবার, সাংবাদিক, সুশীল সমাজ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।

শুনানি শুরু করার আগে মাইকিং, গণমাধ্যমে প্রচার এবং ভুক্তভোগী পরিবারদের অবহিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান কৌঁসুলি জানান, সরকার এ কাজে সর্বাত্মক সহায়তা প্রদান করবে এবং আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে একটি করে জেলায় গণশুনানি অনুষ্ঠিত হবে। সেখানে তথ্য সংগ্রহের পাশাপাশি বিচারাধীন মামলার নথি পর্যালোচনা করা হবে।

যদি কোনো ঘটনায় মামলা না থাকে, তবে ভুক্তভোগী পরিবার শনাক্ত করে মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী শনাক্ত হলে তাৎক্ষণিক গ্রেপ্তারের সুযোগ থাকবে বলে জানান আমিনুল ইসলাম।

তিনি আরও জানান, ২৬ নভেম্বর যশোরে গণশুনানি আয়োজনের পরিকল্পনা থাকলেও জেলা আইনজীবী সমিতির নির্বাচনের কারণে তারিখ পরিবর্তন হতে পারে। গণশুনানির আইনগত বৈধতা সম্পর্কে তিনি বলেন, ‘‘ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার আইনগত ক্ষমতার মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে এবং এটি সম্পূর্ণ আইনগত ম্যান্ডেটের আওতায় পরিচালিত হবে।’’

All Categories