ইউক্রেন যুদ্ধে রুশ সেনা নিহতের সংখ্যা প্রায় পাঁচ লাখ

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মোট নিহত সেনার সংখ্যা ২০২২ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিবিসি রাশিয়ার সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে। ফাঁস হওয়া নথিগুলো থেকে দেখা যাচ্ছে যে, যুদ্ধের কারণে রাশিয়ায় মৃত্যুর ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

বিবিসি ২০২১ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর তথ্য সংগ্রহ করেছে, যা দুটি সাইবার গোষ্ঠীর হামলার ফলে ফাঁস হয়। যদিও রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট সাইবার হামলার কথা স্বীকার করে, তারা তথ্য ফাঁস হওয়া অস্বীকার করেছে। স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার সহযোগিতায় এই নথিগুলো বিশ্লেষণ করে বিবিসি।

সরকারি নথির সাথে মিলিয়ে দেখা গেছে, রুশ সেনাদের মৃত্যুর ৯০ শতাংশ তথ্য বিবিসির নিজস্ব তালিকার সঙ্গেও মেলে। উন্মুক্ত সূত্র থেকে পাওয়া নিশ্চিত রুশ সেনা মৃত্যুর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১২ হলেও প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে, কারণ অনেক মৃত্যুর খবর প্রকাশ পায় না। নথিতে ২০২৫ সালে ১৮ থেকে ২৪ বছর বয়সী সেনাদের মৃত্যুর হার ৬৫ শতাংশ এবং ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে ৫৯ শতাংশ উল্লেখ করা হয়েছে।

ইউক্রেনের ছোট গ্রামগুলোতেও যুদ্ধের ভয়াবহ ক্ষতি পরিলক্ষিত হয়েছে। দোনেৎস্কের বাখমুতের কাছে আন্দ্রিয়িভকা গ্রামে মাত্র ৭৪ জন বাসিন্দার এলাকায় ১ হাজার ১২২ রুশ সেনার প্রাণ হারিয়েছে। এছাড়া পূর্ব সাইবেরিয়ার দরিদ্র অঞ্চল তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্ক থেকে যুদ্ধে নিহতের হার মস্কো ও সেন্ট পিটার্সবার্গের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।

বিবিসির তথ্য অনুযায়ী, রুশ সেনাদের মধ্যে অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন, যার মধ্যে ১ হাজার ৩১ উজবেক এবং ৭২০ তাজিক নাগরিক রয়েছেন। ইউক্রেনীয় যোদ্ধাদের তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়নি। উন্মুক্ত সূত্রের হিসাব থেকে ধারণা করা হচ্ছে, রুশ সেনাদের মৃত্যুর প্রকৃত সংখ্যা ৫ লাখ ২৭ হাজার থেকে ৬ লাখ ৪৪ হাজারের মধ্যে হতে পারে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৬ সালের জুলাই মাসে দেশটির সেনা নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার উল্লেখ করেছেন। তবে উন্মুক্ত সূত্রভিত্তিক ইউএ লসেসের হিসেব অনুযায়ী, ইউক্রেনের সেনা নিহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২।

All Categories