ইরানে হিজাব ছাড়াই গান গাওয়ার কারণে গায়িকাসহ পাঁচজনকে বেত্রাঘাত
ইরানের কোম শহরে হিজাব না পরার অভিযোগে জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার চার সহযোগীকে ৭৪টি করে বেত্রাঘাত দেওয়া হয়েছে। সোমবার এই শাস্তি কার্যকর করা হয়েছে বলে তাদের আইনজীবীরা নিশ্চিত করেছেন।
পারাস্তু আহমাদি ২০২৪ সালের ডিসেম্বরে একটি সরাসরি সম্প্রচারিত কনসার্টে হিজাববিহীন পোশাকে গান পরিবেশন করেন। ইরানে নারীদের প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ এবং তাদের মাথায় স্কার্ফ পরা বাধ্যতামূলক।
গত জুনে কোমের একটি ফৌজদারি আদালত জনশালীনতা লঙ্ঘন ও অশ্লীল বিষয়বস্তু প্রচারের অভিযোগে আহমাদি ও আরও আটজনকে দোষী সাব্যস্ত করে। তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করলেও বেত্রাঘাতের পাশাপাশি দৃশ্য-শ্রাব্য মাধ্যমে কাজ এবং দুই বছর বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষের দিকের আপিলেও সাজা বহাল রাখা হয়।
আহমাদির আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলসহ চার পুরুষ সহ-অভিযুক্তকে কোমের ফৌজদারি সাজা কার্যকর দপ্তরে বেত্রাঘাত দেওয়া হয়েছে। সাজা বাতিল বা স্থগিতের জন্য সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং সময় পিছিয়ে দেওয়ার আবেদনও প্রত্যাখ্যাত হয়েছে।
সংস্কারপন্থী দৈনিক এত্তেমাদ এক আইনজীবী মোস্তফা নিলির মাধ্যমে বেত্রাঘাতপ্রাপ্ত চার পুরুষের নাম প্রকাশ করেছে: সোহেইল ফাকিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া ও মোহসেন লাশকারি।
ইরানের শিল্পী ও মানবাধিকারকর্মীরা এই শাস্তির তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের বাহার ঘান্দেহারি বলেন, নিজের পছন্দমতো পোশাক পরে গান গাওয়ার কারণে এই শাস্তি নারী স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।
ইরানে বয়ঃসন্ধি পেরোনো নারীদের হিজাব বাধ্যতামূলক এবং শরীর ঢাকার জন্য ঢিলেঢালা পোশাক পরার নিয়ম রয়েছে। ২০২২ সালে হিজাব ঠিকমতো না পরার অভিযোগে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভে নারীরা হিজাব পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন, পরে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেয়।
২০২৩ সালের জানুয়ারিতে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভকে দমন করতে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করে। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, ওই বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত ৩৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও আরও কয়েকজনকে গুপ্তচরবৃত্তি ও বিদেশি সহযোগিতার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
তাদের মধ্যে ১২১ জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে ছয়জন নারী এবং পাঁচজন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। এদের যেকোনো মুহূর্তে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।