নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ রাষ্ট্র: জামায়াতের মহিলা বিভাগ
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা বলেছেন, রাজপথ থেকে সংসদ পর্যন্ত নারীরা কোথাও নিরাপদ নয়। তিনি আরও জানান, ‘‘রাষ্ট্র নারীদের সুরক্ষা দিতে অক্ষম। ফ্যাসিস্ট গোষ্ঠী এখনও সহিংসতার হাত থেকে বিরত হয়নি এবং তারা সংরক্ষিত নারী আসনের এমপির বাড়িতেও হামলা চালিয়েছে।’’
বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ মানববন্ধনের আয়োজন করে। সেখানে তাহমিনা আক্তার এসব কথা বলেন। মানববন্ধনে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অপরাধীদের দায়মুক্তি প্রতিরোধসহ সাতটি দাবি জানানো হয়।
মানববন্ধনের সভাপতিত্ব করেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি। অনুষ্ঠানে সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী আঁখি ও নুরুন্নাহার পলি এবং দক্ষিণ মহিলা দলের সদস্য তাহমিনা আক্তার সুরমা বক্তব্য রাখেন।
নুরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘‘নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচার ব্যবস্থাও তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। বিচারকের সংখ্যা কম হওয়ায় মামলা দীর্ঘস্থায়ী হচ্ছে।’’ সাঈদা রুম্মান বলেন, ‘‘নিরাপত্তাহীনতার কারণে নারীরা নির্যাতনের পর আইনের আশ্রয় নিতে সংকোচ করেন। তাই সরকারি সহায়তা জরুরি।’’ সাবিকুন্নাহার মুন্নি যোগ করেন, ‘‘নারীর নিরাপত্তা তাদের মৌলিক অধিকার হলেও এটি এখনও সমাজে একটি অনুগ্রহ হিসেবে দেখা হয়।’’
মানববন্ধনে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাতটি দাবি পেশ করা হয়। এর মধ্যে রয়েছে—নারী ও শিশু নির্যাতনের অভিযোগ গুরুত্ব সহকারে গ্রহণ করা, অভিযোগ গ্রহণে অবহেলা ও হয়রানি বন্ধ করা, নির্যাতন মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত ও বিচার, অপরাধীদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব থেকে মুক্ত রেখে আইনের আওতায় আনা, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, গণপরিবহন ও জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতিত নারী ও শিশুদের জন্য আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর বিরুদ্ধে সাইবার সহিংসতা, হুমকি ও ব্ল্যাকমেইল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।