Oct 15, 2025
মেট্রোরেলের চলাচল সময় বাড়ছে এক ঘণ্টা, আগামী মাসে বাড়বে ট্রিপও

মেট্রোরেলের চলাচল সময় বাড়ছে এক ঘণ্টা, আগামী মাসে বাড়বে ট্রিপও

রাজধানীর মেট্রোরেল এখন থেকে দিনে এক ঘণ্টা বেশি সময় চলবে। নতুন এ সময়সূচি কার্যকর হবে আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে। সকালে আধাঘণ্টা আগে ও রাতে আধাঘণ্টা বেশি সময় চলবে ট্রেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী মাসের মাঝামাঝি থেকেই বাড়ানো হবে মেট্রোরেলের ট্রিপ সংখ্যা। ট্রিপ বাড়লে দুই ট্রেনের মধ্যে বিরতি কমে অন্তত দুই মিনিটে নেমে আসবে।

ডিএমটিসিএলের সূত্র জানায়, মেট্রোরেলের সময় ও ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত মাসেই। এ লক্ষ্যে ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে বাড়তি সময় ট্রেন চালানো হয়। এরপর গত মঙ্গলবার সংস্থাটির এক বৈঠকে প্রতিদিন এক ঘণ্টা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে (আগে ছিল সকাল ৭টা ১০ মিনিট)। শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায় (আগে ছিল রাত ৯টা)। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে ছিল সকাল সাড়ে ৭টা), আর শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল রাত ৯টা ৪০ মিনিট)।

শুক্রবারও সময়সূচিতে পরিবর্তন আসছে। বর্তমানে শুক্রবার মেট্রোরেল বেলা ৩টায় চলাচল শুরু করে, নতুন সূচিতে তা শুরু হবে বেলা আড়াইটায়। সেদিন রাতেও চলবে আধাঘণ্টা বেশি সময়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে মেট্রোরেলের সেবা বাড়ানোর পরিকল্পনা নিয়েছি। এজন্য ধারাবাহিকভাবে পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় ট্রেন চলবে। ট্রিপ বাড়ানোর লক্ষ্যে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আশা করছি, নভেম্বরের মাঝামাঝি সময়েই তা সম্ভব হবে।

বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন। ডিএমটিসিএলের আশা, নতুন সময়সূচি কার্যকর হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে।

এখন ব্যস্ত সময়ে (পিক আওয়ার) প্রতি ছয় মিনিট পরপর ট্রেন আসে। কম ব্যস্ত সময়ে (অফ পিক আওয়ার) বিরতি ৮ মিনিট, আর খুব কম ব্যস্ত সময়ে (সুপার অফ পিক আওয়ার) ১০ মিনিট। আগামী মাসে এই বিরতি যথাক্রমে ৪, ৬ ও ৮ মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা আছে।

বর্তমানে দিনে ১২ সেট ট্রেন মেট্রোরেলে চলাচল করে। সময় ও ট্রিপ বাড়লে তা বাড়িয়ে ১৯ সেট করা হবে। বর্তমানে প্রতিদিন ২৩৮টি ট্রিপ সম্পন্ন হয়।

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। পরে ধাপে ধাপে মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এখন চলছে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণকাজ।

মেট্রোরেলের নিয়মিত যাত্রী ও ট্রাভেল এজেন্সি কর্মকর্তা আরশাদুল হক বলেন, “যানজটে ভরা ঢাকায় মেট্রোরেল এখন সবচেয়ে নির্ভরযোগ্য পরিবহন। এর সময় ও ট্রিপ বাড়ালে তা নিঃসন্দেহে যাত্রীদের জন্য বড় স্বস্তি হবে।

All Categories