মেসির শিরোপা জেতা মাঠের ঘাস বিক্রি হচ্ছে, এক টুকরার দাম ৯০ হাজার

লিওনেল মেসির শিরোপা জেতা মাঠের ঘাস বিক্রি শুরু করেছে ইন্টার মায়ামি। ক্লাবটির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামের ‘আসল ঘাস’ এখন স্মারক হিসেবে কিনতে পারবেন সমর্থকেরা। ভক্তদের জন্য পাঁচটি ভিন্ন দামে এই ঘাস বিক্রির ঘোষণা দিয়েছে ক্লাবটি। সর্বনিম্ন দাম ৫০ ডলার এবং সর্বোচ্চ ৭৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১ হাজার টাকা। ইতিমধ্যে প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে।

চেজ স্টেডিয়ামে আর খেলবে না ইন্টার মায়ামি। ২০২৬ সালে বিশেষভাবে নির্মিত নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্কে’ স্থানান্তরিত হবে ফ্র্যাঞ্চাইজিটি। সে কারণে বিদায়ের আগে ভক্তদের জন্য চেজ স্টেডিয়ামের স্মৃতি ধরে রাখতে নানা স্মারক সংগ্রহের উদ্যোগ নিয়েছে ক্লাবটি। এর অংশ হিসেবেই মাঠের ঘাস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২০ সালে নিজেদের প্রথম এমএলএস মৌসুম থেকে চেজ স্টেডিয়ামকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল ইন্টার মায়ামি। ক্লাবের প্রধান কার্যালয়ও ছিল এখানেই। যুক্তরাষ্ট্রের ফুটবলে লিওনেল মেসির প্রথম ঠিকানাও এই মাঠ। চলতি মাসের শুরুতে এখানেই এমএলএস কাপ জিতেছে মেসির দল, যা ক্লাব ইতিহাসের প্রথম শিরোপা।

ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এটি সেই মাঠ, যেখানে ইন্টার মায়ামির শুরু হয়েছিল, যেখানে ২০২০ সালের প্রথম মৌসুমে তৈরি হয়েছিল অবিস্মরণীয় মুহূর্ত। লিওনেল মেসির আগমন এবং আমাদের প্রথম শিরোপাগুলোও এসেছে এই মাঠেই, যার মধ্যে রয়েছে প্রথম এমএলএস কাপ।

চেজ স্টেডিয়ামের আসল ঘাস সংবলিত পাঁচ ধরনের পণ্য বাজারে আনছে ইন্টার মায়ামি। প্রাথমিক পর্যায়ে ৫০ ডলারের দুটি চাবির রিং বিক্রি করা হবে। একটি সীমিত সংস্করণের খোদাই করা নকশার চাবির রিং এবং অন্যটি ১০ নম্বর লেখা জার্সির আকৃতির চাবির রিং।

এ ছাড়া বিশেষ সংগ্রাহকদের জন্য রয়েছে তিনটি প্রিমিয়াম বক্স সংস্করণ। ‘গ্রাস মিনি আলট্রা লাক্স বক্স’-এর দাম নির্ধারণ করা হয়েছে ২০০ ডলার। এতে চামড়ার কবজা ও সোয়েড ইন্টেরিয়রসহ একটি অ্যাক্রিলিক কিউবের মধ্যে রাখা থাকবে আসল ঘাসের টুকরা।

গ্র্যান লাক্স’ সংস্করণের মূল্য ৩৫০ ডলার। এতে প্রিমিয়াম ডিসপ্লে বক্সের সঙ্গে থাকবে সোনায় খোদাই করা ধাতব টিকিট। সবচেয়ে দামি পণ্য ‘আলট্রা বক্স’-এর দাম ৭৫০ ডলার। এতে রয়েছে পিয়ানো ফিনিশ ও বিশেষভাবে টেক্সচার্ড ইন্টেরিয়র।

All Categories