মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছর বয়সী নারী
মাঠের পারফরম্যান্সে দর্শকদের মন জিতে নেওয়া লিওনেল মেসি এবার গ্যালারি থেকেও ভালোবাসা পেলেন, তাও একেবারে বিয়ের প্রস্তাব! আর প্রস্তাবদাতা ভক্তের বয়স শুনলে যে কারও চোখ কপালে উঠবে—৯৮ বছর!
ঘটনাটি ঘটেছে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে, ইন্টার মায়ামি বনাম পালমেইরাস ম্যাচে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচ ২-২ গোলে ড্র হয়।
ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা ৯৮ বছর বয়সী মার্কিন নারী পলিন কানা হাতে একটি প্ল্যাকার্ড তুলে ধরেন, যাতে লেখা ছিল— “মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?”
বিরতির সময় মাঠে থাকা মেসির দৃষ্টি পড়ে সেই প্ল্যাকার্ডে। দূর থেকেই হেসে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইতিবাচক সাড়া দেন তিনি। সঙ্গে ইশারায় বৃদ্ধাকে প্ল্যাকার্ড নামিয়ে নেওয়ারও অনুরোধ করেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেই মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
৯৮ বছর বয়সী এই ভক্তের নাম পলিন কানা। যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াপ্রেমী নারী মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ। নাতি রস স্মিথের সঙ্গে মজার সব ভিডিওতে প্রায়ই দেখা যায় তাঁকে।
রস স্মিথ একজন টিকটক ইনফ্লুয়েন্সার, যার অনুসারীর সংখ্যা ২ কোটি ৩০ লাখের বেশি। রসের ভিডিওগুলোতে দাদি পলিন ‘গ্রানি স্মিথ’ নামেই পরিচিত। এনএফএল, ডব্লিউডব্লিউইসহ নানা খেলাধুলার আসরে তাঁদের দুজনকে মজার কনটেন্টে দেখা গেছে আগেও।
মেসিকে দেওয়া এই ‘প্রেম নিবেদন’ সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘তার প্রতিদ্বন্দ্বিতায় আন্তোনেল্লাও পারবে না!’
মেসি তাঁর শৈশবের প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জোকে ২০১৭ সালে বিয়ে করেন। তাঁদের ঘরে রয়েছে তিন সন্তান।
তবে গ্রানি স্মিথের এই সাহসী ও মজার প্রস্তাব ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফোটাতে পেরেছে নিঃসন্দেহে। এমন দৃশ্য প্রমাণ করে, ভালোবাসা ও উৎসাহের কোনো বয়স হয় না—বিশেষ করে মেসির মতো খেলোয়াড়ের ক্ষেত্রে!