Jun 30, 2025
মেসিদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

মেসিদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। রোববার রাতে যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই চার গোল করে লুইস এনরিকের দল নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

ম্যাচের ৬ ও ৩৯ মিনিটে জোড়া গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। প্রথমার্ধের শেষ দিকে নিজেদের ভুলেই আরও একবার বিপদে পড়ে মায়ামি। ৪৪ মিনিটে আত্মঘাতী এক গোলে ব্যবধান ৩-০ করে ফেলে পিএসজি। ইনজুরি টাইমে চতুর্থ গোলটি করেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি।

প্রথমার্ধেই কার্যত ম্যাচ নিজেদের করে নেয় লা প্যারিসিয়ানরা। বল দখল, আক্রমণ ও গতি—সব দিক থেকেই এগিয়ে ছিল ইউরোপের জায়ান্টরা। অন্যদিকে, রক্ষণভাগে ছন্নছাড়া ও গোলের সামনে প্রায় নিষ্প্রভ ছিল মায়ামি।

দ্বিতীয়ার্ধে পিএসজি মাঠে নামায় পাঁচ বদলি খেলোয়াড়। তাতে নামেন উসমান ডেম্বেলে ও জাইরি এমেরি। বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি ফরাসি ক্লাবটি।

মেসি ছিলেন পুরো ম্যাচে চুপচাপ। মাঝেমধ্যে বল পেয়েও খুব একটা প্রভাব ফেলতে পারেননি মাঠে। ফ্রান্স ছাড়ার পর সাবেক ক্লাবের বিপক্ষে প্রথমবারের মতো খেললেও কোনো ‘ম্যাজিক’ দেখাতে পারেননি আর্জেন্টাইন তারকা।

এই জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পিএসজি। তাদের দাপুটে ফুটবলে স্পষ্ট, এ শিরোপার জন্য প্রস্তুত তারা।

All Categories