ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন মেসি
টানা দুর্দান্ত ফর্মে ছিলেন লিওনেল মেসি। একের পর এক ম্যাচে জোড়া গোল, দলের জয়ে বড় অবদান সব মিলিয়ে যেন অপ্রতিরোধ্য এক ছন্দ। তবে সেই ছন্দ থামিয়ে দিল পুরোনো শত্রু হ্যামস্ট্রিং ইনজুরি।
গতকাল সকালে লিগস কাপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। শুরুতেই দুর্ভাগ্য মাত্র ১০ মিনিটেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় অধিনায়ক মেসিকে।
ম্যাচে অবশ্য শেষ হাসি হাসে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের খেলা ২–২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। এই জয়ে দুই পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত পাঁচ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের দুই নম্বরে আছে দলটি। শীর্ষে পোর্টল্যান্ড, ছয় পয়েন্ট নিয়ে।
ম্যাচের শুরুর দিকে নেকাক্সার দুই ডিফেন্ডার রাউল সানচেজ ও আলেক্সিস পেনার একটি ট্যাকেলের পরই মাটিতে লুটিয়ে পড়েন মেসি। সঙ্গে সঙ্গেই বোঝা যায়, কিছু একটা হয়েছে। পরে জানা যায়, পুরোনো হ্যামস্ট্রিং ইনজুরির লক্ষণ দেখা দিয়েছে।
কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনো নিশ্চিত নয়। আজ সোমবার তাঁর মেডিকেল রিপোর্ট পাওয়ার কথা। তবে গুঞ্জন, মেসিকে তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ জাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘সে অস্বস্তি অনুভব করছিল। হয়তো খুব গুরুতর কিছু নয়। তবে টান অনুভব করেছে, এটা সত্যি।
ইনজুরির আগ পর্যন্ত চলতি মৌসুমে এমএলএসে দারুণ সময় কাটাচ্ছিলেন মেসি। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে গড়েছিলেন নজিরবিহীন এক রেকর্ড। সর্বশেষ অ্যাটলাসের বিপক্ষেও করেছিলেন জোড়া গোল। এককভাবে দলের আক্রমণভাগের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন আর্জেন্টাইন তারকা।
তাঁর অনুপস্থিতিতে অবশ্য দলের পারফরম্যান্সে বড় ধাক্কা লাগেনি। রদ্রিগো ডি পল জ্বলে ওঠেন ঠিক সময়েই। করেন দুটি অ্যাসিস্ট।
চলতি মৌসুমে ফিফা ক্লাব বিশ্বকাপ, এমএলএস, লিগস কাপ সব মিলিয়ে টানা ১৬টি ম্যাচে পূর্ণ ৯০ মিনিট করে খেলেছেন মেসি। শুধু এমএলএস অল-স্টার ও সিনসিনাটির বিপক্ষে দুটি ম্যাচে বিশ্রামে ছিলেন। বিশ্লেষকদের ধারণা, অতিরিক্ত ম্যাচ খেলার চাপেই ইনজুরি আবার মাথাচাড়া দিয়েছে।
এখন চোখ মায়ামির মেডিকেল রিপোর্টের দিকে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকার ফেরাটা কবে তার উত্তর মিলবে হয়তো আজই। তবে নিশ্চিতভাবে বলা যায়, মেসিকে ছাড়া মায়ামির ভবিষ্যতের কয়েকটা ম্যাচ আর সহজ থাকছে না।