সাগরিকার জোড়া গোলে লাওসকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

এশিয়ান মঞ্চে আরেকটি দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দল। অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩–১ গোলে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

বুধবার (৬ আগস্ট) লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য দেখায় বাংলাদেশ। ম্যাচের ৩৬তম মিনিটে শান্তি মার্ডির কর্নার থেকে হেডে গোল করেন সাগরিকা। বিরতির আগে পূজা দাসের নেওয়া একটি শট পোস্টে লেগে মাঠে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে ৫৮তম মিনিটে তৃষ্ণা রানীর পাস থেকে মুনকি দারুণ প্লেসিংয়ে গোল করে ব্যবধান ২–০ করেন। শেষ দিকে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ৮৬তম মিনিটে লাওসের ফরোয়ার্ড আন্না কিও ওনসি গোল করে ব্যবধান কমান ২–১ এ।

তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মুনকির অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন সাগরিকা। শেষ পর্যন্ত ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

বাংলাদেশের হয়ে সাগরিকা দুইটি ও মুনকি একটি গোল করেন। লাওসের পক্ষে একমাত্র গোলটি করেন আন্না কিও ওনসি।

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার এশিয়ান মঞ্চেও নিজেদের প্রমাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব–২০ নারী দল।

All Categories