মেঘলা ও বৃষ্টির দিনে ঘুম ও অলসতা কমানোর ৫ উপায়
শীতে মেঘলা আকাশ ও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলে শরীরে নিদ্রালু ভাব ও অলসতা দেখা দেয় যা কাজের মনোযোগ কমিয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরের হরমোনের পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও আবহাওয়া সংক্রান্ত প্ল্যাটফর্ম ‘দ্য ওয়েদার চ্যানেল’-এর প্রতিবেদনে ঘুম ও স্নায়ুবিজ্ঞানের বিশেষজ্ঞরা মেঘলা ও বৃষ্টির দিনে ঘুমের প্রবণতা বাড়ার কারণ ও তা দূর করার উপায়গুলো তুলে ধরেছেন।
মেঘাচ্ছন্ন আকাশের কারণে সূর্যের আলো কমে গেলে মস্তিষ্ক ‘রাত’ হিসেবে ভুল সংকেত পায়। এর ফলে মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি অতিরিক্ত ‘মেলাটোনিন’ হরমোন তৈরি করে যা ঘুম আসার অনুভূতি ও ক্লান্তি বৃদ্ধি করে। একই সঙ্গে সূর্যের আলোর অভাবে সেরোটোনিন হরমোনের পরিমাণ কমে গিয়ে মন খারাপ ও অলসতা সৃষ্টি হয়। বৃষ্টির শব্দ ‘পিংক নয়েজ’ হিসেবে কাজ করে মস্তিষ্ককে শান্ত করে তন্দ্রা বাড়ায়।
বৃষ্টির দিনে ঘুম ঘুম ভাব কমাতে প্রথমে উজ্জ্বল সাদা আলো ব্যবহার করতে হবে এবং জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো ঢুকতে দিতে হবে। প্রতি এক ঘণ্টা অন্তর উঠে দাঁড়িয়ে সামান্য হাঁটা বা স্ট্রেচিং করলে রক্ত সঞ্চালন বাড়ে ও সতেজতা ফিরে আসে।
শীতল আবহাওয়ায় পানি কম পান করা ক্লান্তি বাড়ায়, তাই নিয়মিত পানি ও হালকা গরম চা বা কফি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে বিকেল ৪টার পর অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলতে হবে। ভাজা ও ভারি খাবারের বদলে প্রোটিন সমৃদ্ধ হালকা খাবার, বাদাম ও ফলমূল শরীরের কর্মক্ষমতা ধরে রাখে।
অবশেষে, মেঘলা দিনে পছন্দের গান বা বাদ্যযন্ত্র শুনলে ডোপামিন ও সেরোটোনিন হরমোনের নিঃসরণ বাড়ে, যা মনকে ভালো রাখে এবং কাজের গতি বাড়ায়।