মীরসরাইয়ে ট্রান্সফরমার চুরির পর বিদ্যুৎহীন ৭০ পরিবার
চট্টগ্রামের মীরসরাইয়ের পশ্চিম কিছমত জাফরাবাদ গ্রামে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৭০টি পরিবার। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে এই চুরির ঘটনা ঘটে। বিদ্যুৎ না থাকার কারণে স্থানীয় বাসিন্দারা তীব্র গরমে চরম দুর্ভোগে রয়েছেন।
গ্রামের বাসিন্দা ওয়াজিউল্যাহ জানান, ‘বুধবার ফজরের নামাজের সময় ঘুম থেকে ওঠার পর বিদ্যুৎ চলে যায়। প্রথমে এটিকে স্বাভাবিক লোডশেডিং মনে হয়েছিল, পরে জানতে পারি ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘প্রচণ্ড গরমে মানুষের জীবন অতিষ্ঠ। ট্রান্সফরমার চুরি হওয়ায় দুর্ভোগ বেড়ে গেছে।’
স্থানীয় বাসিন্দা কামাল পাশা ও মাস্টার আজম জানান, ‘ট্রান্সফরমার চুরির পর মসজিদের মুসল্লিদের পাশাপাশি সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় অনেকের ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে চুরির বিষয়টি জানালে নতুন ট্রান্সফরমারের জন্য প্রায় ৮৭ হাজার টাকা জমা দিতে বলা হয়েছে। নিম্নআয়ের অধিকাংশ মানুষ হঠাৎ করে এত টাকা জোগাড় করতে পারবে না।’
বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ৫ কেভিএ ট্রান্সফরমারের মূল্য প্রায় ৫৩ হাজার টাকা, ১০ কেভিএর ৮৩ হাজার টাকা, ১৫ কেভিএর ৯৯ হাজার ৯৯৯ টাকা এবং ২৫ কেভিএর প্রায় এক লাখ ৫৯ হাজার টাকা। সূত্রটি আরও জানায়, প্রথমবার ট্রান্সফরমার চুরি হলে গ্রাহকদের মূল্যের অর্ধেক পরিশোধ করতে হয়, কিন্তু দ্বিতীয়বার পুরো মূল্যই বহন করতে হয়। ফলে ট্রান্সফরমার চুরির ঘটনায় বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি ভুক্তভোগীদের ওপর আর্থিক চাপও তৈরি হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর এজিএম আজহার উদ্দিন বলেন, ‘পশ্চিম কিছমত জাফরাবাদে ট্রান্সফরমার চুরির বিষয়ে আমি এখনও কিছু শুনিনি। যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’
মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, ‘ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’