মধ্যরাতে হাতিরঝিলে নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে

এএফসি এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এই ঐতিহাসিক অর্জনের আনন্দে দলকে সংবর্ধনা জানাতে মধ্যরাতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা আয়োজন করা হবে। বাফুফের একাধিক সূত্র জানিয়েছে, নারী ফুটবল দলের এই অনন্য অর্জন উদ্‌যাপন করতেই এমন তাৎক্ষণিক আয়োজন।

নারী দলটি আজ সন্ধ্যা সাতটায় মিয়ানমার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। ব্যাংককে যাত্রাবিরতির পর রাত ১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে তারা। সেখান থেকে সরাসরি নেওয়া হবে হাতিরঝিলে।

সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে বাফুফে জানিয়েছে, হাতিরঝিলের অনুষ্ঠানস্থলে খেলোয়াড়দের বরণ করে নেওয়া হবে ফুল ও সংবর্ধনা বক্তব্যের মাধ্যমে। থাকবে সংগীত পরিবেশনাও।

বাফুফের এই রাতের আয়োজনের একটি বড় কারণ—দলের দুই খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানের একটি লিগে খেলতে রওনা হবেন। তাই তাঁদের ঢাকায় থাকাকালীন সময়েই এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ নারী দল মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করে। দলটির এমন কৃতিত্ব দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। ফুটবলবোদ্ধারা বলছেন, এটি শুধু নারী ফুটবলের নয়, দেশের ক্রীড়াঙ্গনের জন্যও একটি বড় অর্জন।

বাফুফে জানিয়েছে, সংবর্ধনার মধ্য দিয়ে নারী দলের প্রতি জাতির ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় তারা। সেই সঙ্গে এই সাফল্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে উঠবে বলেও আশা সংস্থাটির।

All Categories