মামুনুল হক: সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ভারতীয় দালালদের নিয়ন্ত্রণে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিএনপিতে লুকিয়ে থাকা ভারতীয় দালালদের দখলে রয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার সিন্ডিকেটের মাধ্যমে পুরো জ্বালানি সেক্টরকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, "সময় থাকতে সেখান থেকে ফিরে আসুন। অন্যথায় বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না। আমরা আর কোন ফ্যাসিবাদ দেখতে চাই না।"

শুক্রবার বিকেলে নগরীর সিআরবির শিরীষতলায় বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, "২০২৪ সালের ৫ আগস্ট আমরা সব দল সম্মিলিতভাবে যুগের লেডি ফেরাউন, সবচেয়ে নিকৃষ্ট বর্বর শাসক হাসিনাকে বিদায় করেছি। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ ছিল। হাসিনার পতনের মাধ্যমে শুধু আওয়ামী লীগের পতন হয়নি, বরং বাংলাদেশের জমিন থেকে আধিপত্যবাদের শেকড় উপড়ে গেছে। কিন্তু সরকার জুলাইয়ের ঐক্যকে নষ্ট করে দিয়েছে।"

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, "আপনারা বলেছিলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন, প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য আনবেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করবেন। কিন্তু সাত মাসে আপনারা সব ওয়াদা ভঙ্গ করেছেন। জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ৭০ ভাগ জনগণের সাথে তামাশা করেছেন। জনগণ আপনাদের ক্ষমা করবে না।"

মামুনুল হক আরও বলেন, "পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। তাদের সেই অপতৎপরতাকে মোকাবিলা করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে। তারা বিরোধী দলকে বলছে, সরকারের সাত মাস যায়নি কেন বিরোধী দলগুলো এখন লং মার্চ করছে। আমরা বলছি, আমরা লং মার্চ করার জন্য সাত মাস অপেক্ষা করেছি। কিন্তু আপনারা জুলাইকে অস্বীকার করতে সাত দিনও অপেক্ষা করেননি।"

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি এমদাদুল্লাগ সোহাইল। বক্তব্য রাখেন, দলটির নায়েবে আমীর আলী উচমান, মহাসচিব জালালুদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনসহ ছাত্র ও যুব মজলিসের নেতৃবৃন্দ।

All Categories