মামলার আসামি হলেই গ্রেপ্তার নয় : আইজিপি
নিরীহ কাউকে হয়রানি করা যাবে না এবং মামলা হলেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার নয় এমন স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, তদন্তে যাদের বিরুদ্ধে দায়ভার প্রমাণিত হবে, শুধুমাত্র তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।
বাহারুল আলম জানান, ৫ আগস্টের পর একটি মহল অসৎ উদ্দেশ্যে নিরীহ মানুষকে হয়রানির জন্য অসংখ্য নাম মামলায় জড়াচ্ছে। তিনি বলেন, এই বিষয়টি আমাদের নজরে রয়েছে। কেবল প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেই ওয়ারেন্ট ও গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।
মিথ্যা মামলা প্রতিরোধে আইনগত সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন আইজিপি। তিনি বলেন, কেউ অভিযোগ করলে তা মামলা হিসেবে রুজু করতে হয়। অভিযোগ সত্য না মিথ্যা তা মামলা নেওয়ার আগে যাচাই করার সুযোগ আমাদের নেই। তদন্ত শেষে প্রকৃত সত্য উঠে এলে তবেই আদালতে প্রতিবেদন দেওয়া হয়।
আইজিপি আরও জানান, পাঁচ আগস্টের পর অনেক মামলায় দেখা গেছে মূল অপরাধী কয়েকজন হলেও তিন-চার শ লোকের নাম যুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, কেউ কেউ অর্থ আদায়, ভয় দেখানো বা হয়রানির উদ্দেশ্যে এমন কাজ করছেন।
জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় কতজন পুলিশ কর্মকর্তা গুলি চালানোর নির্দেশ দিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নে আইজিপি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না।
মিথ্যা মামলার বিষয়ে আইজিপি পরিষ্কার করে বলেন, তদন্তে প্রমাণিত হলে মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।