মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিন আসামি খালাস
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিযুক্ত বিশেষ কৌঁসুলি ও অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজী।
আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় (ধর্ষণের ফলে মৃত্যু) হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, শিশুটির বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশে (ভয়ভীতি প্রদর্শন) এবং শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্ট) অভিযোগ গঠিত হলেও তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাদের খালাস দেন।
মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া উল্লেখযোগ্য দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। ঘটনার ৭৩ দিনের মাথায় মামলার রায় ঘোষণা করা হয়। এর মধ্যে তদন্ত শেষ করে ৩৭ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন।
মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ৬ মার্চ দুপুরে শিশুটি বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অচেতন অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, ৮ মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।