লঙ্কানদের হারিয়ে র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সমতায় ফিরেই আইসিসির হালনাগাদ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জয়ের পর দশম স্থান থেকে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা।

শনিবার রাতে পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২৪৯ রান করে বাংলাদেশ। পরে তানভীর ইসলাম ও শামীম হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করে মেহেদী হাসান মিরাজের দল।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিল ৭৬। জানা গিয়েছিল, একটি ম্যাচ জিতলেই টাইগাররা উঠে আসবে নবম স্থানে। দ্বিতীয় ওয়ানডের জয় সেটাই নিশ্চিত করেছে। নতুন রেটিং ৭৮। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে দশম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে, নিজেদের মাঠে হারের ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কাও। এক ধাপ পিছিয়ে তারা নেমেছে পঞ্চম স্থানে। তাদের বর্তমান রেটিং ১০২। আর এই সুযোগে চারে উঠে এসেছে পাকিস্তান (রেটিং ১০৪)।

শনিবার রাতে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদ করা হয়। শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপর পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। এই র‍্যাঙ্কিং বিবেচনা করা হবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। সেদিক থেকে টাইগারদের জন্য প্রতিটি জয়ই এখন গুরুত্বপূর্ণ।

এদিকে, তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি জিততে পারলে লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা।

এর আগে শ্রীলঙ্কায় ছয়টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে চারটিতে হার, দুটি সিরিজ হয়েছে ড্র।

তবে সিরিজ জিতলেও র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানে আর উন্নতি হবে না। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং ব্যবধান আরও বাড়ানোর সুযোগ থাকবে টাইগারদের সামনে।

All Categories