লারা একজন কিংবদন্তি, রেকর্ডটা তারই থাকা উচিত: মুল্ডার
চারশ রানের হাতছানি, সামনে শুধু কয়েকটা বলের অপেক্ষা। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে কোয়াড্রুপল সেঞ্চুরি করার হাতছানি। কিন্তু ঠিক তখনই অবাক করে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ঘোষণা করে দিলেন অধিনায়ক উইয়ান মুল্ডার।
ব্যক্তিগত ৩৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। সামনে ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড স্পর্শ, এমনকি ভাঙার সুযোগও। তবু এগোতে চাইলেন না একধাপও। কারণ, লারার প্রতি তাঁর শ্রদ্ধা।
ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে মুল্ডার বলেন, লারার মতো একজন কিংবদন্তির কাছে রেকর্ডটা থাকাই ভালো। যদি আবার কখনো সুযোগ পাই, সম্ভবত একই কাজ করব।
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানের সেই ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। এখনো যা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। সেই রেকর্ডের খুব কাছাকাছি গিয়েও থামলেন মুল্ডার।
তিনি আরও জানান, প্রোটিয়া কোচ শুকরি কনরাডের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছেন। মুল্ডার বলেন, ‘শুকস (কনরাড) বলেছিলেন, “রেকর্ডটা কিংবদন্তির কাছেই থাকতে দাও”। তাঁর কথায় আমার সিদ্ধান্ত আরও সহজ হয়ে যায়।
লারার রেকর্ড অক্ষত থাকলেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে নতুন এক উচ্চতায় পৌঁছেছেন উইয়ান মুল্ডার। হাশিম আমলার ৩১১ রানের ইনিংস ছাড়িয়ে এখন প্রোটিয়াদের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক তিনিই।
একই সঙ্গে গড়েছেন আরেকটি অনন্য কীর্তি—বিশ্ব ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই করেছেন ট্রিপল সেঞ্চুরি।
রেকর্ড গড়া না হলেও মাঠে মুল্ডার যেভাবে সম্মানের উদাহরণ স্থাপন করেছেন, সেটিই এখন ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু।