লালমনিরহাটে ট্রেনের নিচে অজ্ঞাত নারীর মৃত্যু
লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার খাতাপাড়া-দৌলজোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন অতিক্রম করে আদিতমারীর দিকে যাচ্ছিল। এ সময় ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। ট্রেনটি কাছে আসার সময় চালক একাধিকবার হর্ণ দিলেও তিনি রেললাইন থেকে সরে যাননি। ফলে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় মরদেহ খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।