কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কালিয়াজুরি খেলার মাঠসংলগ্ন নেলী কটেজ নামের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—তাহমিনা আক্তার ফাতেমা (৫২) ও তার মেয়ে সুমাইয়া আক্তার রিন্তি (২৩)। সুমাইয়া কুবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, এটি একটি হত্যাকাণ্ড। তবে কীভাবে এ হত্যাকাণ্ড হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানান, চার বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম বাসাটি ভাড়া নেন। নুরুল ইসলামের মৃত্যুর পর থেকে তার স্ত্রী তাহমিনা সন্তানদের নিয়ে ওই বাসায় থাকতেন। তিনি আরও বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রোববার দিনের বেলায় একজন ব্যক্তি বারবার তাদের বাসায় আসা–যাওয়া করেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ওসি মহিনুল ইসলামও জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে।

নিহত তাহমিনার বড় ছেলে মো. তাজুল ইসলাম ফয়সাল জানান, তিনি ঢাকায় আইন পেশায় কর্মরত, তার ছোট ভাই কুমিল্লা ইপিজেডে চাকরি করেন। ফয়সাল বলেন, গতকাল রাতে আমরা দুজন ঢাকায় থেকে বাসায় ফিরি। নিজের রুমে বিশ্রাম নেওয়ার পর মা–বোনের কোনো সাড়া না পেয়ে তাদের কক্ষে যাই। সেখানে প্রথমে মায়ের নিথর দেহ এবং পরে বোনের মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দিই।

তিনি আরও অভিযোগ করেন, দুর্বৃত্তরা তার মা ও বোনকে হত্যার পর তাদের মোবাইল, ল্যাপটপ ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

All Categories