ক্ষুব্ধ শবনম ফারিয়া ,ফেসবুকে আপত্তিকর মন্তব্যে
সম্প্রতি রিমার্ক হারল্যানের একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ শোবিজ অঙ্গনের একঝাঁক তারকারা। সেখানে তারকাদের হাস্যরস আর খুনসুটিতে মেতে ওঠার মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এরই মাঝে একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের পাশে দাঁড়িয়ে অভিনেত্রী শবনম ফারিয়া মজার ছলে বলেন, “তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।” তাদের এই সহজ-সরল খুনসুটিকে ঘিরে এক যুবক ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি ফারিয়ার নজরে এলে তিনি সেই মন্তব্যের স্ক্রিনশট ও অভিযুক্ত যুবকের প্রোফাইলের ছবি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানান।
ফারিয়া তার পোস্টে লেখেন, “গতকাল আমরা অনেকদিন পর একটি সুন্দর ইভেন্টে গিয়েছিলাম। সেখানে মজা করে বলেছিলাম, 'তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে।' কিন্তু সেই মুহূর্তকে ঘিরে এক ব্যক্তি নিচে এমন মন্তব্য করল, যা অকল্পনীয়।”
প্রতিবাদ জানাতে গিয়ে তিনি আরও বলেন, “একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কেন অপরিচিত কাউকে এভাবে অপমান করবে? অভিনয় করা মানে কি যৌনকর্মী হওয়া? আপনি আমার পরিবার, শিক্ষাগত যোগ্যতা বা অন্য পেশাগত দক্ষতা সম্পর্কে কিছু জানেন না। শুধু মোবাইল হাতে পেয়ে একজনকে অসম্মান করার অধিকার আপনাকে কে দিল?”
এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিসহ অনেকেই ফারিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেন। জ্যোতি লিখেন, “এ দেশের ৯৫% মানুষ অভিনেত্রী বা মিডিয়ায় কাজ করা নারীদের বেশ্যা মনে করে!”
ফারিয়ার প্রতিবাদের জেরে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই কুরুচিপূর্ণ মন্তব্যকারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, নারীদের প্রতি এমন বিদ্বেষ আর অপমানজনক দৃষ্টিভঙ্গি সমাজের কোথা থেকে জন্ম নেয়।