ক্ষমতা বা আসনের জন্য কারও সঙ্গে কোনো সমঝোতা নয়: নাহিদ ইসলাম

ক্ষমতা বা আসনের বিনিময়ে কোনো রাজনৈতিক সমঝোতায় যাবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আমাদের রাজনৈতিক সমঝোতা যদি হয়ও, সেটা হবে নীতিগত কারণে। ক্ষমতা কিংবা আসনের জন্য আমরা কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না। একটি আসনও না পেলেও এনসিপির আদর্শ, নীতি ও লক্ষ্য অটুট থাকবে।

সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, প্রচারণায় গেলে এনসিপির সম্ভাব্য প্রার্থীরা হুমকি-ধমকির মুখে পড়ছেন। তিনি বলেন, পরিবারের সদস্যদেরও মারধরের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রশাসনে নিজেদের লোক রাখার কথা বলছে। এখনো প্রশাসনে আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বহাল আছেন দাবি করে তিনি তাঁদের সরানোর আহ্বান জানান।

প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সৎ প্রার্থী দিচ্ছি এটাই আমাদের চমক। বাংলাদেশের ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে এটিই সবচেয়ে বড় চমক।’ গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, সংস্কার কার্যক্রম সরকারের দায়িত্ব হলেও রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট না থাকায় তা বাধাগ্রস্ত হচ্ছে। সংসদে গেলে এনসিপি এসব সংস্কার বাস্তবায়নে কাজ করবে বলেও তিনি জানান।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম বলেন, আগামী নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে এনসিপি সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় দলটি।

সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানান, এখন পর্যন্ত ১ হাজার ৪৮৪ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। রবি ও সোমবার দুই দিন ধরে আবু সাঈদ কনভেনশন সেন্টারে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি।

All Categories