Oct 01, 2025
ক্রিকেটে ফিক্সিংয়ের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন: তামিম ইকবাল

ক্রিকেটে ফিক্সিংয়ের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ প্রায় ১৫ জন প্রার্থী। বুধবার (১ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের পর তামিম নির্বাচন প্রক্রিয়াকে দেশের ক্রিকেটের জন্য ‘কালো দাগ’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, আমিসহ প্রায় ১৪-১৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছি। কারণ খুবই পরিষ্কার। শুরু থেকেই আমি বলে আসছিলাম, নির্বাচনটা কোন দিকে যাচ্ছে, কীভাবে হচ্ছে—এখন সবাই পরিষ্কারভাবে বুঝতে পারছেন।

নির্বাচন প্রক্রিয়াকে ‘ফিক্সিং’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, আপনারা বলেন ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, তারপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করেন। বাংলাদেশের ক্রিকেটে এই নির্বাচন কালো দাগ হয়ে থাকবে।

তামিমের দাবি, বিসিবি নির্বাচনে স্বচ্ছতার অভাব ছিল এবং খেয়ালখুশি মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘যখন যা মনে হয়েছে, তখন তাই করা হয়েছে। এটা আসলে কোনো নির্বাচনই নয়। ক্রিকেটের সঙ্গে এ জিনিসটা মানায় না।

যারা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের সবাইকে শক্তিশালী প্রার্থী আখ্যা দিয়ে তামিম বলেন, আজকে কারা কারা প্রত্যাহার করেছেন, সেই তালিকা দেখলেই বুঝবেন তাঁরা সবাই হেভিওয়েট। তাঁদের ভোটব্যাংকও শক্তিশালী। এটা আমাদের পক্ষ থেকে একটি প্রতিবাদ।

হতাশা প্রকাশ করে তামিম বলেন, যারা বোর্ডে আছেন, তাঁরা যদি এভাবেই নির্বাচন করতে চান তাহলে করতেই পারেন, জিততেও পারেন। কিন্তু আজ ক্রিকেট হেরে গেছে।

All Categories