কম্পিউটারে ফাইলের স্টোরেজ ব্যবহারের তথ্য জানার উপায়

কম্পিউটারে ছবি, ভিডিও, সফটওয়্যার, গেম ও ডাউনলোড করা ফাইল জমতে জমতে স্টোরেজ ফুরিয়ে যেতে পারে। অস্থায়ী ফাইল, উইন্ডোজ আপডেটের অতিরিক্ত ডেটা, রিসাইকেল বিনে থাকা অপ্রয়োজনীয় ফাইল এবং বিভিন্ন অ্যাপের ক্যাশ ফাইলও স্টোরেজের বড় অংশ দখল করে। সঠিকভাবে জানা না থাকলে ফাইল মুছে ফেলা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এতে গুরুত্বপূর্ণ সিস্টেম ফাইলও মুছে যেতে পারে। তবে উইন্ডোজের বিল্ট-ইন স্টোরেজ সেটিংস ব্যবহার করে জানা যায়, কম্পিউটারের স্টোরেজের কতটা জায়গা কোন ধরনের ফাইলে ব্যবহৃত হচ্ছে।

প্রথমে কিবোর্ডে ‘উইন্ডোজ’ ও ‘আই’ বাটন একসঙ্গে চাপুন। এরপর ‘সেটিংস’ থেকে ‘সিস্টেম’ নির্বাচন করে ‘স্টোরেজ’ অপশনে যান। সেখানে প্রধান ড্রাইভে মোট কত স্টোরেজ ব্যবহার হচ্ছে এবং কোন ধরনের ডেটা কত জায়গা দখল করছে, তার একটি তালিকা দেখা যাবে। ‘ইনস্টলড অ্যাপস’, ‘টেম্পোরারি ফাইলস’, ‘ডকুমেন্টস’, ‘পিকচারস’, ‘ভিডিওস’ ও ‘সিস্টেম অ্যান্ড রিজার্ভড’-এর মতো বিভিন্ন শ্রেণিতে ব্যবহৃত স্টোরেজের পরিমাণ দেখানো হবে। ‘শো মোর ক্যাটাগরিজ’ নির্বাচন করলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

‘ইনস্টলড অ্যাপস’ নির্বাচন করলে কোন সফটওয়্যার বা গেম কত জায়গা নিচ্ছে, তা দেখা যাবে। তালিকাটি ‘সাইজ’ অনুযায়ী সাজালে সবচেয়ে বেশি জায়গা দখল করা অ্যাপগুলো সহজে শনাক্ত করা যাবে। প্রয়োজন না হলে তিন ডট মেনু থেকে ‘আনইনস্টল’ নির্বাচন করে অ্যাপটি মুছে ফেলা যাবে। একাধিক ড্রাইভ থাকলে ‘অ্যাডভান্সড স্টোরেজ সেটিংস’ থেকে ‘স্টোরেজ ইউজড অন আদার ড্রাইভস’ নির্বাচন করে অন্য ড্রাইভগুলোর স্টোরেজ ব্যবহারের তথ্যও দেখা যাবে।

স্টোরেজ খালি করার জন্য ‘টেম্পোরারি ফাইলস’ বিভাগটি গুরুত্বপূর্ণ। এখানে থাম্বনেইলসহ বিভিন্ন অস্থায়ী ফাইলের তালিকা পাওয়া যায়। ‘ক্লিনআপ সিস্টেম ফাইলস’ নির্বাচন করলে আরও কিছু অপ্রয়োজনীয় ফাইল শনাক্ত করা সম্ভব। তবে ‘ডাউনলোডস’ ও ‘রিসাইকেল বিন’ থেকে ফাইল মুছে ফেলার আগে সতর্ক হতে হবে, কারণ রিসাইকেল বিন খালি করলে সেখানে থাকা ফাইল স্থায়ীভাবে মুছে যেতে পারে।

উইন্ডোজে ‘স্টোরেজ সেন্স’ সুবিধা চালু করেও নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল সরানো যায়। ‘সেটিংস’ থেকে ‘সিস্টেম’ ও ‘স্টোরেজ’ বিভাগে গিয়ে ‘স্টোরেজ সেন্স’ নির্বাচন করে এটি চালু করা যাবে। এই সুবিধা নির্দিষ্ট সময় পরপর অস্থায়ী ফাইল ও নির্ধারিত কিছু অপ্রয়োজনীয় ডেটা স্বয়ংক্রিয়ভাবে সরাতে পারে। তবে গুরুত্বপূর্ণ ফাইল মুছে যাওয়ার ঝুঁকি এড়াতে ‘ডাউনলোডস’ ও ‘রিসাইকেল বিন’ পরিষ্কারের সেটিংস পরিবর্তনের আগে কোন ফাইল মুছে যাবে, তা যাচাই করা উচিত।

যদি উইন্ডোজের স্টোরেজ সেটিংস থেকে নির্দিষ্ট ফাইল বা ফোল্ডারের বিস্তারিত তথ্য পাওয়া না যায়, তবে বিভিন্ন থার্ড-পার্টি টুল ব্যবহার করা যেতে পারে। এসব টুল পুরো ড্রাইভ স্ক্যান করে কোন ফোল্ডার বা ফাইল সবচেয়ে বেশি জায়গা দখল করছে, তা আরও বিস্তারিতভাবে দেখাতে পারে। তবে সব ক্ষেত্রেই স্টোরেজ খালি করার আগে অচেনা সিস্টেম ফাইল বা ফোল্ডার সম্পর্কে নিশ্চিত হয়ে কোনটি মুছে ফেলা নিরাপদ, তা যাচাই করা জরুরি।

All Categories