জাতীয় নাট্যশালার মঞ্চে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘রক্তকরবী’
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’ নিয়ে ক্যাম্পাস ছাড়িয়ে এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চে উঠছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল হলে নাটকটি মঞ্চস্থ হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরাম প্রযোজিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শ্রেয়শ্রী সরকার। এর আগে ২০ ও ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এটি প্রদর্শিত হয়েছিল। এবার আরও বেশি দর্শকের সামনে নিজেদের কাজ তুলে ধরতে চান শিক্ষার্থীরা।
অভিনয়ের পাশাপাশি মঞ্চ ব্যবস্থাপনা, প্রযোজনা, সংগঠন ও সৃজনশীল পরিকল্পনাতেও সরাসরি যুক্ত ছিলেন তারা। পুরো প্রযোজনার তত্ত্বাবধানে আছেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জেনারেল এডুকেশনের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা হিলালী।
ড. মাহফুজা হিলালী বলেন, ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথের প্রতিনিধিত্বশীল নাটক, যা আজও প্রাসঙ্গিক। বর্তমান বিশ্বের প্রতিটি দেশ যেন একেকটি যক্ষপুরী, আর সাধারণ মানুষ শাসকের ‘ছিবড়া’—প্রাণহীন, যন্ত্রের মতো কাজ করে চলে।
তার ভাষায়, এদের মধ্যে প্রাণ ফেরাতে আবারও নন্দিনীকে প্রয়োজন। নন্দিনী শুভশক্তি ও কল্যাণের প্রতীক, যে আত্মার মুক্তি ঘটায়। যন্ত্রসভ্যতায় পিষ্ট মানুষের মুক্তির জন্য আরেকবার ‘রক্তকরবী’র মালা পরতে হবে।
তিনি আরও বলেন, এমন সময়ে ‘রক্তকরবী’র মাধ্যমে শিক্ষার্থীরা রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা ও দূরদর্শিতা তুলে ধরেছে। নতুন প্রজন্মের দিকে তাকিয়েই সুন্দর বর্তমান ও ভবিষ্যতের স্বপ্ন দেখা যায়।
নাটককে সমাজ পরিবর্তনের মাধ্যম উল্লেখ করে তিনি জানান, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির সুস্থ ধারা বজায় রাখতে থিয়েটার ফোরাম প্রতিশ্রুতিবদ্ধ। নাটকটির টিকিটের দাম ২০০ টাকা।