জিপিটি-৬ মডেলে ওপেনএআইয়ের নতুন ফিচারসমূহ

গত ৭ অক্টোবর চ্যাটজিপিটির নতুন জিপিটি-৬ মডেল উন্মুক্ত করেছে ওপেনএআই, যা ফ্রি এবং পেইড উভয় প্ল্যানের ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। নতুন ফিচারগুলোর মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ চার্ট, ডায়াগ্রাম, ফর্ম ও বিভিন্ন কাজে উপযোগী টুল তৈরি করতে সক্ষম হবে। এছাড়া, দ্রুত উত্তর প্রদান, ওয়েব সার্চের কার্যকারিতা বৃদ্ধি এবং নিজের সক্ষমতার সীমাবদ্ধতা আরও ভালোভাবে বোঝার সুবিধাও যুক্ত হয়েছে এই মডেলে।

জিপিটি-৬-এর অন্যতম আকর্ষণীয় সংযোজন হলো নতুন ইন্টারফেস ‘ইন্টেলিজেন্ট ইউআই’। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের ধরন ও প্রয়োজন বুঝে চ্যাটজিপিটি শুধু লিখিত উত্তর নয়, বরং বিভিন্ন দৃশ্যমান ও ইন্টারঅ্যাকটিভ গ্রাফিকও তৈরি করতে পারবে। উদাহরণস্বরূপ, দুটি পণ্যের তুলনা করতে বললে তুলনামূলক উপস্থাপনা, জটিল বিষয় সহজে বোঝাতে ডায়াগ্রাম বা হিসাব-নিকাশের জন্য ক্যালকুলেটর তৈরি করা সম্ভব। চ্যাটের মধ্যেই বিল ভাগ করার টুল ব্যবহার করা কিংবা ছোটখাটো গেম খেলার সুযোগও রয়েছে। তবে প্রতিটি প্রশ্নের উত্তরে চার্ট বা ইন্টারঅ্যাকটিভ এলিমেন্ট থাকবে না; প্রশ্নের ধরন ও ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী মডেলটি নির্ধারণ করবে কোন ক্ষেত্রে কীভাবে উত্তর উপস্থাপন করা সবচেয়ে কার্যকর।

নতুন মডেলটি রেসপন্স জেনারেশনের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রাথমিক উত্তর দিতে পারে, ফলে ব্যবহারকারীরা অপেক্ষা করার সময়েই প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। ওয়েব সার্চের কার্যকারিতা উন্নত করার ফলে অনলাইনে তথ্য খোঁজা ও তা ব্যবহার করে উত্তর দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হয়েছে। জিপিটি-৬-এ নিজের সীমাবদ্ধতা বোঝার ক্ষেত্রেও উন্নতি আনা হয়েছে; কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত তথ্য বা প্রয়োজনীয় টুল না থাকলে সেটি স্পষ্টভাবে জানিয়ে দিতে পারে।

বিনা মূল্যের ব্যবহারকারীরাও নতুন ফিচারগুলো উপভোগ করতে পারছেন। ৮ অক্টোবর থেকে ফ্রি ও গো প্ল্যানের ব্যবহারকারীদের জন্য সুবিধাগুলো চালু করেছে ওপেনএআই, ফলে তারা চ্যাটের মধ্যে ইন্টারঅ্যাকটিভ চার্ট, ডায়াগ্রাম, ফর্ম ও বিভিন্ন কাজে উপযোগী টুল ব্যবহার করতে পারবেন। তবে পর্যায়ক্রমে ফিচারগুলো চালু হওয়ায় সব অ্যাকাউন্টে এখনই সুবিধাগুলো দেখা নাও যেতে পারে।

প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ প্ল্যানে জিপিটি-৬ সল এবং ফ্রি ও গো প্ল্যানে জিপিটি-৬ লুনা ব্যবহার করা হচ্ছে। এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের ক্ষেত্রে ফিচারটির প্রাপ্যতা প্রতিষ্ঠানের প্রশাসকের সেটিংসের ওপর নির্ভরশীল। নতুন সুবিধাগুলো চ্যাটজিপিটির ‘চ্যাট’ ট্যাবে পাওয়া যাচ্ছে। ‘ওয়ার্ক’ ও ‘কোডেক্স’ অংশের মডেলগুলোতে এই আপডেটে পরিবর্তন আনা হয়নি।

All Categories