কলম্বো টেস্টে শুরুতেই বিপদে বাংলাদেশ

কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে শুরুটা সুখকর হয়নি সফরকারীদের। একে একে ফিরেছেন টপ অর্ডারের চার ব্যাটার।

প্রথম সেশনের খেলা শেষে ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে বাংলাদেশ। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

দিনের প্রথম বলেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার এনামুল হক বিজয় ব্যক্তিগত খাতা না খুলেই বোল্ড হন। আগের টেস্টেও দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন এই ডানহাতি ব্যাটার।

এরপর ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল হক। ২১ রান করে ফিরতে হয় তাঁকে। লাঞ্চের পর দ্রুত ফিরে যান সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। লাঞ্চে যাওয়ার সময় ৪৩ রানে অপরাজিত থাকা সাদমান শেষ পর্যন্ত করেন ৪৬ রান। শান্ত করেন ৮ রান।

টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন ব্যাটার জাকের আলী। ইনজুরির কারণে খেলছেন না পেসার হাসান মাহমুদ। তাঁর জায়গায় একাদশে এসেছেন এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশেও পরিবর্তন শ্রীলঙ্কা দলে জায়গা পেয়েছেন অভিষিক্ত অলরাউন্ডার সোনাল দিনুশা। টেস্ট থেকে অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের পরিবর্তে দলে এসেছেন তিনি। ইনজুরিতে পড়া পেসার মিলান রত্নায়েকের জায়গায় দলে ফিরেছেন বিশ্ব ফার্নান্দো।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্ডু রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।

All Categories