কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘ডিয়ার মা’
বাংলাদেশ ও ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে আগামী ১৮ জুলাই। কলকাতায় মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান। তিনি বলেন, ‘“ডিয়ার মা” মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। তিনি আমার প্রতি বিশ্বাস রেখেছেন একজন অভিনেত্রী হিসেবে এবং একটি ভালো চরিত্র দিয়েছেন।’
এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। জানালেন, এমন চরিত্রে এবারই প্রথম পর্দায় দেখা যাবে তাকে।
‘সিনেমাটি মূলত মা ও সন্তানের গল্প নিয়ে। এই ধরনের চরিত্রে আমাকে আগে কখনো দেখা যায়নি। কাজটি করে আমার ভালো লেগেছে, আশা করছি দর্শকরাও সংযোগ অনুভব করবেন,’ বলেন জয়া আহসান।
বর্তমানে কলকাতায় নতুন আরেকটি সিনেমার শুটিং করছেন জয়া। ছবির নাম ‘আজও অর্ধাঙ্গিনী’। এটি পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলি।