ককটেল বিস্ফোরণে আহত ২, উদ্ধার ১১টি অবিস্ফোরিত ককটেল
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন, তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শেখপাড়া এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কবিরাজপাড়া এলাকার নবাবের বাগানে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার হওয়া ১১টি অবিস্ফোরিত ককটেল নিরাপত্তার স্বার্থে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
পুলিশ জানায়, নবাবের বাগানে বিস্ফোরণের পর ঘটনাস্থলে মানুষের আঙুল, হাড় ও মাংসের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। তবে আহত দুইজনের পরিচয় ও আঘাতের ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের সময় কেউ ককটেল হাতে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ মহরী এবং একই এলাকার সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিনের অনুসারীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাইকড়তলা মোড়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া ও কবিরাজপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার জন্য সেগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। বিস্ফোরণে দুইজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, তবে তাঁদের পরিচয় ও আহত হওয়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।