কক্সবাজারে পৃথক পাহাড় ধসে ৯ জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে টানা ভারী বর্ষণের মধ্যে পৃথক তিনটি পাহাড়ধসে অন্তত আট রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ৭, ১১ ও ১৫ নম্বর আশ্রয়শিবিরে এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, কাছাকাছি সময়ে তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দুজনকে। কোথাও আরও কেউ চাপা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী, ১৫ নম্বর আশ্রয়শিবিরের জামতলী এলাকার ডি ব্লকে পাহাড়ধসে একটি আশ্রয়কেন্দ্র মাটিচাপা পড়ে। এতে একই পরিবারের তিনজন—বাবা, মা ও চার বছর বয়সী এক শিশু নিহত হন। দুর্ঘটনার সময় আশ্রয়কেন্দ্রটিতে পরিবারের ১০ সদস্য অবস্থান করছিলেন। আহত এক কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অন্য সদস্যদের জীবিত উদ্ধার করা হয়েছে।
এদিকে ৭ নম্বর আশ্রয়শিবিরের ডি-৭ ব্লকে পাহাড়ধসে মো. একরাম (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া ১১ নম্বর আশ্রয়শিবিরের সি-১১ ব্লকে আরেকটি পাহাড়ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
টানা বর্ষণের কারণে উখিয়ার পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সদস্যরা কাজ করছেন।