কিমো পলের বদলে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে শামার স্প্রিঙ্গার

বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে পরিবর্তন ঘটেছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার পরিবর্তে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে অন্তর্ভুক্ত হয়েছেন শামার স্প্রিঙ্গার। ২৮ বছর বয়সী এই অলরাউন্ডারের এখনও টেস্ট অভিষেক হয়নি।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানিয়েছে, পল ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে’ দেশে ফিরবেন। তার বিকল্প হিসেবে স্প্রিঙ্গারকে দলে নেওয়া হয়েছে।

স্প্রিঙ্গার আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড় নিয়ে তার রান ১ হাজার ৪৩। বল হাতে নিয়েছেন ৫৮ উইকেট, গড় ২৭.৮৭।

২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে স্প্রিঙ্গার ভালো পারফরম্যান্স করেছেন। চার ম্যাচে ৫০.২০ গড়ে ২৫১ রান করেছেন, তবে বোলিংয়ে তার সাফল্য তুলনামূলক কম ছিল। আট ইনিংসে ৪২ গড়ে সাত উইকেট নিয়েছেন।

পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নাইয়াল স্মিথের নামও বিবেচনায় ছিল, তবে চোটের কারণে তারা দলে জায়গা পাননি বলে জানিয়েছে সিডব্লিউআই।

পল ছাড়াও বাংলাদেশ সফরে সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ বিশ্রামে রয়েছেন। পেসার আলজারি জোসেফকেও কাজের চাপ নিয়ন্ত্রণে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জোসেফের বদলেই দলে এসেছিলেন পল।

ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দলে পল ও স্প্রিঙ্গার ছিলেন। শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে। ভারত ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করেছে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে।

ক্যারিবিয়ানরা আগামী ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে হবে প্রথম টেস্ট এবং ৫ থেকে ৯ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তিত দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।

All Categories