কিছু দৃশ্যে কাটছাঁটের পর মুক্তির অনুমতি পেল ‘বরবাদ’

কিছু দৃশ্যে কাটছাঁটের পর মুক্তির অনুমতি পেল ‘বরবাদ’

ঈদ উপলক্ষে মুক্তির জন্য শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমার মোশন পোস্টার, চরিত্রের লুক, টিজার ও গান আগেই প্রকাশিত হয়েছিল। তবে ছবির মুক্তি নিয়ে কিছু অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আপত্তির কারণে কিছু দৃশ্য সম্পাদনার জন্য ছবিটি ফেরত আসে। 

সেই দৃশ্যগুলো সংশোধন করে আজ মঙ্গলবার ছবিটি পুনরায় ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়, এবং অবশেষে মুক্তির অনুমতি পায়।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে আমরা ছবিটি পুনরায় দেখেছি এবং সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ছবির মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রত্যেক সিনেমার জন্য কিছু সংশোধন প্রয়োজন হয়, এবং 'বরবাদ' ছবির ক্ষেত্রেও তেমন কিছু সংশোধন করা হয়েছে। তবে কোনো দৃশ্য বাদ দেওয়া হয়নি যা ছবির জন্য ক্ষতিকর হতে পারে। সৃজনশীলতার দিকে মনোযোগ দিয়ে আমি কিছু দৃশ্যের পরিবর্তন করেছি, এবং এটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বরবাদ ছবির আনকাট ছাড়পত্রের জন্য শাকিব খানের ভক্তরা সকাল থেকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে অবস্থান নেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা ছবির মুক্তির পক্ষে সমর্থন জানান।

'বরবাদ' সিনেমার পরিচালক মেহেদী হাসান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়া, ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত প্রমুখ। ছবির একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।

All Categories