খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার থেকে এই শোক পালিত হবে। এ ছাড়া জানাজা উপলক্ষ্যে আগামীকাল বুধবার সারা দেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। ভাষণে তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেশবাসীর প্রতি দায়িত্বশীল ও শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানান।
ভাষণের শুরুতে ড. ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গোটা জাতি আজ গভীর শোক ও বেদনায় আচ্ছন্ন। তাঁর ইন্তেকালে জাতি একজন মহান অভিভাবককে হারিয়েছে। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা প্রয়াত নেত্রীর পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং কর্মী–সমর্থকদের প্রতি জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার মাগফিরাত কামনা করেন।
ড. ইউনূস বলেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
শোক পালনের কর্মসূচি সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, তিন দিনের রাষ্ট্রীয় শোককালে জাতীয় প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হবে। সরকারি ও বেসরকারি ভবনে শোকের প্রতীক হিসেবে পতাকা অর্ধনমিত থাকবে।
শোকের এই সময়ে দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জানাজাসহ সব ধরনের শোক পালন কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান তিনি।
ভাষণের শেষে প্রধান উপদেষ্টা বলেন, শোকের এই মুহূর্তে জাতি ধৈর্য ও ঐক্যের পরিচয় দেবে—এটাই প্রত্যাশা। মহান আল্লাহ যেন সবাইকে শক্তি ও সংযম দান করেন।