খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘অদম্য নারী’ সম্মাননা (মরণোত্তর) পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের নারী শিক্ষা, গণতন্ত্র ও রাজনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে খালেদা জিয়াকে এ বছর ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
এদিকে দেশের আট বিভাগ থেকে মনোনীত ৩৯ নারীর মধ্য থেকে পাঁচজনকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার এবং ঢাকার আফরোজা ইয়াসমিন।
বিভাগভিত্তিক আরও নারীদের নামও ঘোষণা করা হয়েছে। ঢাকা বিভাগ থেকে আরিফা বেগম, মারুফা আক্তার, নাছরিন আক্তার, মুক্তা আক্তার ও আফরোজা ইয়াসমিন; রাজশাহী বিভাগ থেকে লতা খাতুন, রিজু তামান্না, রাশেদা বেগম, রাজিয়া খাতুন ও সুমাইয়া ইসলাম; চট্টগ্রাম বিভাগ থেকে আসমা আক্তার কনা, তাজকেরা চৌধুরী, বিলকিছ বেগম ও শমলা বেগম।
এ ছাড়া সিলেট বিভাগ থেকে কুলসুমা বেগম, আমিনা বেগম, রহিমা বেগম, কাঞ্চন বেগম ও রিফাত আরা রিফা; খুলনা বিভাগ থেকে তারানা তাবাচ্ছুম, ববিতা খাতুন, লুৎফুন নেছা বেগম, শরিফা ইয়াসমিন ও রাজিয়া খাতুন; রংপুর বিভাগ থেকে ফরিদা পারভীন, রিক্তা বানু, রাশেদা বেগম, পারভীন আক্তার ও খন্দকার আবিদা সুলতানা রিয়া সম্মাননা পাচ্ছেন।
বরিশাল বিভাগ থেকে নিলুফা ইয়াছমিন, নাহীদ রুমানা মিতু, দেলোয়ারা বেগম, সালমা আক্তার ও রিতা ব্রহ্ম এবং ময়মনসিংহ বিভাগ থেকে নুরুন নাহার বেগম, উম্মে রাফিবা জাহান, হাসনা হেনা বারী, নাসরীন বেগম ও তাহমিদা সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।
প্রতিটি নারীকে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানায়, এ ধরনের স্বীকৃতি নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে উৎসাহ জোগায়। একই সঙ্গে নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্প সমাজের সামনে তুলে ধরতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।