খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন:ব্যক্তিগত চিকিৎসক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিক ভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “ম্যাডাম (খালেদা জিয়া) শারীরিকভাবে ভালো আছেন এবং ডাক্তাররা নিয়মিতভাবে বাসায় গিয়ে তাকে চিকিৎসা সেবা প্রদান করছেন। এছাড়া, তিনি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
ডা. জাহিদ হোসেন সোমবার (৩ মার্চ) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জিয়া পরিষদ,ইউকে আয়োজিত একটি ইফতার মাহফিলে এ তথ্য জানান। এই অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
খালেদা জিয়া বর্তমানে লন্ডনের কিংস্টোনে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন এবং সেখানে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন,ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়তে হলে সংবিধানে যা লেখা আছে,তা বাস্তবায়ন করতে হবে। দেশ চালাতে হবে আইনানুগ সুশাসনের মাধ্যমে,এবং বাংলাদেশের রাজনীতি জনগণের ইচ্ছার প্রতিফলন ও সংবিধানের আলোকে পরিচালিত হবে।
তিনি আরও বলেন,১৯৭০-এর গণপরিষদের নির্বাচিত সদস্যরা গণপরিষদ গঠন করেছিলেন,আর ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রনেতারা কখনো বলেননি,আমরা আন্দোলন করেছি,তাই যা বলবো তাই হবে। বরং সংবিধানের আলোকে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেছিল।
ডা. জাহিদ বলেন,যে সময় ৫২, ৬২, ৬৯, ৭১ এবং ৯০-এর আন্দোলনগুলো ইতিহাসের অঙ্গ,সেই সময়ের অর্জন এবং আন্দোলনগুলোর গুরুত্ব অস্বীকার করা যাবে না।তিনি উল্লেখ করেন তেমনি ২৪ জুলাইয়ের আন্দোলনকেও কেউ অসম্মান করতে পারবে না।
ডা. জাহিদ হোসেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা এবং তার সহযোগীরা দেশে নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং অমানবিক নির্যাতন চালিয়েছে। তাই যত দ্রুত সম্ভব তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং তাদের লুণ্ঠিত সম্পদ বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ,ইউকে-এর সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ,বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জোবায়ের বাবু, এবং জিয়া পরিষদ ইউকের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি কাওছার এবং আহসান উদ্দিন মনির।