কাভার্ডভ্যান উল্টে পড়ল প্রাইভেটকারের ওপর, একই পরিবারের ৪ জন নিহত

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্নে কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারে চাপা পড়ে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় চাপা পড়ে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীও আহত হন।

ঘটনা ঘটে আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্নে। হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান জানান, নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে প্রাইভেটকারটি লাকসাম সড়কে যেতে ইউটার্ন করছিল। এ সময় ঢাকাগামী কাভার্ডভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় প্রাইভেটকার ও একটি সিএনজি চাপা পড়ে।

খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চাপা পড়া প্রাইভেটকার থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

All Categories