‘কাউকে দোষারোপ করছি না’, বিভুরঞ্জনকে নিয়ে ছেলে ও ভাই

মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় বিভুরঞ্জন সরকার (৭১) নামে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্টের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। তিনি দৈনিক আজকের পত্রিকা–র জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন তাঁর ছেলে ঋত সরকার ও ভাই চিররঞ্জন সরকার।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ আহাম্মদ পাঠান বলেন, ‘৯৯৯ এ খবর পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। পরে রমনা থানায় নিখোঁজ ডায়েরির সঙ্গে মেলানো হলে মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে শনাক্ত হয়।’

এর আগের দিন বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন ঋত সরকার। তিনি জানান, ‘বাবা সকালে বাসা থেকে বের হয়েছিলেন, তবে মোবাইল ফোন ও ট্যাব বাসায়ই রেখে যান। এরপর আর তিনি ফেরেননি।’

বিভুরঞ্জন সরকারের মৃত্যুর বিষয়ে তাঁর ছেলে ও ভাই বলেন, ‘কাউকে দোষারোপ করছি না। পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনা বেরিয়ে আসুক।’ তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কেউ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন বিভুরঞ্জন সরকার। নিখোঁজ হওয়ার দিনই একটি অনলাইন সংবাদমাধ্যমে তাঁর লেখা প্রকাশিত হয়। ‘জীবনের শেষ লেখা’ শিরোনামে প্রকাশিত ওই লেখায় তিনি সাংবাদিকতার অভিজ্ঞতা, গণমাধ্যমের বর্তমান অবস্থা, আর্থিক সংকট, পারিবারিক অসুবিধা ও ব্যক্তিগত হতাশার কথা তুলে ধরেছিলেন।

১৯৫৪ সালে জন্ম নেওয়া বিভুরঞ্জন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন। প্রায় পাঁচ দশক ধরে সাংবাদিকতায় যুক্ত ছিলেন তিনি। ২০২১ সালের মার্চে আজকের পত্রিকাতে যোগ দেন এবং ২০২২ সালের জুলাইয়ে পদোন্নতি পান জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে।

তাঁর মৃত্যুতে সহকর্মী সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা গভীর শোক জানিয়েছেন ,সংবাদমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

All Categories