কালবৈশাখী ঝড়ের সম্ভবনা যেসব এলাকায়
শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় ও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় ও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।
মোস্তফা কামাল আরও জানান, কালবৈশাখী ঝড়টি রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, পরে দক্ষিণ-পূর্ব দিকে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অগ্রসর হয়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করতে পারে। শনিবার সারা দিনই দেশের বেশিরভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, যা শুক্রবারের আবহাওয়ার মতোই হতে পারে। বিশেষ করে দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে গুড়ি-গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা তুলনামূলক বেশি।
তিনি রংপুর বিভাগের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান। ঝড় চলাকালীন সময়ে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকায় খোলা আকাশের নিচে চলাফেরা কিংবা কৃষিকাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।