জরুরি মেরামতে বৃহস্পতিবার মিরপুর-শ্যামলীসহ রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ
পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বেশ কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকেরা গ্যাস পাবেন না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্যাস বন্ধ থাকবে আগারগাঁও, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায়। পাশাপাশি তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০-এর পশ্চিমাংশেও সরবরাহ বন্ধ থাকবে।
কল্যাণপুর থেকে মিরপুর-১ অভিমুখী সড়কের ডান পাশের এলাকাগুলোতেও এ সময় গ্যাস থাকবে না। আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।