ঝিনাইদহে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
ঝিনাইদহের মহেশপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে।স্থানীয়রা জানান, রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ে হামলা চালায়।
তারা প্রথমে ভাঙচুর করে এবং পরে কার্যালয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় আওয়ামী লীগ নেতা আমাজেদ সরদার বলেন, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি অফিসের ভেতরের চেয়ার-টেবিল, ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে।সম্প্রীতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ধানের শীষের পক্ষ নেওয়ার কারণে এমন ঘটনা ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকায় উল্লেখযোগ্য কোনো দলীয় উত্তেজনা বা সহিংসতার ঘটনা ঘটেনি। হঠাৎ করে এ ধরনের হামলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।