জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময় ‘ককটেল’ বিস্ফোরণে তরুণ নিহত
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন তিনি।
নিহতের ভগ্নিপতি রবিন হোসেন বলেন, ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বাইরে বের হয়ে কিছুটা এগিয়ে যান। তখন একটি ককটেল এসে তাঁর মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
রবিন হোসেন আরও বলেন, আহত অবস্থায় প্রথমে জাহিদকে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ভোর সাড়ে চারটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, রাত সাড়ে তিনটার দিকে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।